ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করেছে ডিবি

0
গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়া সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ এবং এক-এগারোর সময় তাঁর বিতর্কিত ভূমিকার বিষয়টি অন্যতম। এছাড়া জলসিঁড়ি আবাসন-সংক্রান্ত প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ওই সময় তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক অনিয়মের অভিযোগের কথা জানিয়েছিল দুদক। শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। এর আগে ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে তিনি সংস্থাটির কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর শেখ মামুন খালেদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত সোমবার রাতে এক-এগারোর আরেক আলোচিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।