সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
স্বাধীনতা দিবসের ভোরে সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ভোরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই সম্মান জানান।

স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতার সময় প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।