পদ্মায় বাসডুবি: আরও ৫ মরদেহ উদ্ধার, দৌলতদিয়ায় প্রাণহানি বেড়ে ২৩

0
উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে নদী থেকে টেনে তোলা হচ্ছে সৌহার্দ্য পরিবহনের দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ চলাকালীন নদী থেকে আরও ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত ২৩ জনের মরদেহের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ২১ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে, বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩ নম্বর পন্টুন থেকে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ উদ্ধার কাজ শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটলেও বুধবার রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে বাসটি নদী থেকে টেনে তোলা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সরকার নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।