৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার মেগা পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের

0
সচিবালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার মহাপরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সম্ভাব্য পরিবর্তনের কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা মহামারির পর থেকে ওলটপালট হওয়া পরীক্ষার সময়সূচি পুনরায় স্বাভাবিক করতে এবং একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে গ্রহণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে বাধ্যতামূলকভাবে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষায় নকল ও অনিয়ম নির্মূলে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা হয়েছিল, ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখা হবে। এছাড়া ভবিষ্যতে এই দুই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় বিষয়ের সংখ্যা কমানো যায় কি না, তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা ও সমস্যা দ্রুত চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। বিভাগীয় শহরগুলোতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে সভায় জানানো হয়।