সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত আসাবুরের প্রধান সহযোগী আটক

0
ছবি: সংগৃহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবন থেকে ডাকাত আসাবুর বাহিনী প্রধানের প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

বুধবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ রবিউল ইসলাম (৪১) নামে ওই ডাকাতকে আটক করা হয়। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

সূত্র জানায়, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে সুন্দরবনে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। চাঁদা সংগ্রহের রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠান তিনি।

কোস্টগার্ড জানায়, রবিউল ইসলামকে আটকের ফলে আসাবুর বাহিনীর কার্যক্রম অনেকাংশে ভেঙে পড়েছে। এতে তাদের তৎপরতা অনেকটা কমে আসবে।

আটক ব্যক্তি ও জব্দ আলামত খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।