উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

0
বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী নির্দেশনা।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। বিশেষ করে যারা ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্টের অভাবে বিদেশে যেতে পারছিলেন না, তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের জানান, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে, যারা কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যাবে, তাদের ব্যাংক সলভেন্সি নিশ্চিত করতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। এই ঋণ বিতরণের জন্য ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-কে ডেডিকেটেড ব্যাংক হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে শ্রমবাজারে যে প্রভাব পড়ছে, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। অবকাঠামো পুনর্গঠনের ফলে ভবিষ্যতে সেখানে আরও জনশক্তির চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রধানমন্ত্রী বরাবরই বিদেশে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় কোনো ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেছেন। ভাষাগত দক্ষতা থাকলে বাংলাদেশি শ্রমিকরা বিদেশে আরও ভালো বেতন ও উন্নত মানের কাজ পেতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উচ্চশিক্ষার এই ঋণ সুবিধা মেধাবী শিক্ষার্থীদের বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ অনেক সহজ করে দেবে বলে মনে করা হচ্ছে।