কলম্বিয়ার আকাশে শোকাবহ বিপর্যয়: সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬৬

0
পুতোমায়োর দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন কলম্বিয়ার সামরিক বাহিনীর সদস্যরা।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। সোমবার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধারের কাজ চলছে। এটি সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিমান বাহিনীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি।
প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, লকহিড মার্টিন নির্মিত হারকিউলিস সি-১৩০ পরিবহন বিমানটি পেরু সীমান্তবর্তী এলাকা থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর তথ্যমতে, রানওয়ের শেষ প্রান্তে বিমানটি কোনো কিছুর সঙ্গে আঘাতপ্রাপ্ত হয় এবং নিচে পড়ে যাওয়ার সময় ডানার এক অংশ একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা বিস্ফোরক জাতীয় বস্তু বিস্ফোরিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রাথমিক অবস্থায় বিমানে ১২১ জন আরোহী থাকার কথা জানানো হয়েছিল, যার মধ্যে ১১০ জন সেনা এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। তবে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সঙ্গে সামরিক বাহিনীর তথ্যের কিছু পার্থক্য দেখা গেছে।
এদিকে, এই দুর্ঘটনার পর দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি এক বার্তায় বলেন, সামরিক সরঞ্জাম আধুনিকায়নে আমলাতান্ত্রিক জটিলতা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তরুণ সেনাদের জীবন ঝুঁকিতে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি দ্রুত চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ দিয়েছেন। বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এই দুর্ঘটনার তদন্তে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।