কারাগারে ঈদ জামাতে সাবেক মন্ত্রী-এমপিরা, রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ

0
জেলের ভেতরেও ঈদের আমেজ। সাবেক মন্ত্রী ও এমপিদের ঈদ কাটলো কেরানীগঞ্জ কারাগারে। তবে রাজসাক্ষী আইজিপিকে এড়িয়ে চললেন সবাই।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সারা দেশের কারাগারগুলোতে বন্দি ও হাজতি আসামিদের অংশগ্রহণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তবে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, এমপি ও আমলাদের ঈদ উদযাপনে ভিন্ন চিত্র দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় বন্দি ১২৩ জন হাইপ্রোফাইল বন্দি আজ সকালে এক কাতারে ঈদের নামাজ আদায় করেন।

কারাগার সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সাবেক মন্ত্রী-এমপি ও আমলারা নিজেদের মধ্যে কুশল বিনিময় ও কোলাকুলি করলেও জুলাই হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সবাই এড়িয়ে চলেন। রাজসাক্ষী হওয়ায় সাবেক এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তাকে একাকী সময় কাটাতে দেখা যায়; এমনকি সাবেক সহকর্মী ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে কথা বলতেও অনাগ্রহ প্রকাশ করেন।

এদিকে ঈদ উপলক্ষে কারাগারগুলোতে বিশেষ খাবারের আয়োজন করা হয়। সকালে বন্দিদের দেওয়া হয় মুড়ি ও পায়েস। দুপুরে বিশেষ মেন্যুতে ছিল পোলাও, গরুর রেজালা (বিকল্প খাসি), ডিম, মুরগির রোস্ট, মিষ্টি ও পান-সুপারি। রাতে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম পরিবেশন করার কথা রয়েছে। খাবারের পাশাপাশি বন্দিদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে কারা কর্তৃপক্ষ।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানান, কারাগারে উৎসবমুখর পরিবেশে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বন্দিরা নির্ধারিত নিয়ম অনুযায়ী মোবাইল ফোনে স্বজনদের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে যেকোনো একদিন স্বজনদের রান্না করা খাবার গ্রহণের সুযোগ পাবেন। বর্তমানে দেশের ৭৩টি কারাগারে প্রায় ৮০ হাজার বন্দি এই ঈদ আনন্দ উপভোগ করছেন।