দলমত–নির্বিশেষে সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

0
দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে।” এই লক্ষ্য অর্জনে তিনি দেশের সব শ্রেণি-পেশার মানুষের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে একটি নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যেতে পারে।

বক্তব্যে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পরিশেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।