ভাঙ্গায় ঈদের নামাজ শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

0
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ব্যাপক হতাহত ও ঘরবাড়ি ভাঙচুর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দুই গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে আধিপত্য বিস্তার এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী ও হাসান মুন্সীর পক্ষের সাথে ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। দুই দিন আগে চা খাওয়া নিয়ে তর্কের জেরে প্রথম দফার সংঘর্ষ হলেও শনিবার ঈদের নামাজ শেষে তা চরম আকার ধারণ করে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার এবং এক নারীর সাথে ‘টিকটক’ ভিডিও তৈরি করা নিয়ে বিরোধের জেরে সকাল সাড়ে ৯টা থেকে দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠি ও ইট-পাটকেল নিয়ে টানা দুই ঘণ্টা সংঘর্ষে লিপ্ত থাকে।

খবর পেয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল)-এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ওবায়দুর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, তুচ্ছ ঘটনার জেরে সৃষ্ট এই সংঘর্ষে ব্যাপক ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।