চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে চালক নিহত, আহত ২

0
চুয়াডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল চালকের প্রাণ। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে মর্মান্তিক দুর্ঘটনা।। ছবি: সংগৃহীত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুরুজ আলী (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুরের পর দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। আহতরা হলেন—শহরের শ্মশানপাড়ার হৃদয় হোসেন এবং পৌর এলাকার হাজরাহাটীর বাইসাইকেল চালক ইন্তাদুল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই চালক সুরুজ আলীর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত দুই জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত হৃদয় ও ইন্তাদুলের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তিন জন হতাহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাইসাইকেলটি উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ না আসায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।