দিল্লিতে জয়শঙ্কর-হামিদুল্লাহ বৈঠক; আলোচনার কেন্দ্রে দ্বিপাক্ষিক সম্পর্ক

0
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের হাইকমিশনার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে দুপুরে দুই দেশের প্রতিনিধিই তাঁদের নিজ নিজ ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্টের মাধ্যমে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর পোস্টে লিখেছেন, “বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টিই ছিল আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য।” অন্যদিকে, হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ জানান, অভিন্ন স্বার্থ ও সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে প্রস্তুত, সে বিষয়ে তিনি জয়শঙ্করকে আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এটিই ভারতের কোনো মন্ত্রীর সঙ্গে রিয়াজ হামিদুল্লাহর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

কূটনৈতিক সূত্র জানায়, আজ বিকেলেই ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও হাইকমিশনারের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া আগামী ৮ এপ্রিল মরিশাস যাওয়ার পথে ভারতের দিল্লিতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।