ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

0
তেহরানে ভোরে বড় হামলা। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হলেন আইআরজিসির শীর্ষ নেতা জেনারেল নায়িনি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ মার্চ ২০২৬) ভোরে ইরানের ওপর চালানো এক ভয়াবহ হামলায় তিনি প্রাণ হারান। আইআরজিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেনারেল নায়িনির নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তাসনিম নিউজ এজেন্সি জানায়, আজ ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসির মুখপাত্র জেনারেল নায়িনি নিহত হন। মেহর নিউজের বরাত দিয়ে ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার কিছুক্ষণ আগেও এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে পুরোপুরি সক্ষম। তিনি শত্রু নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছিলেন।

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দফায় দফায় হামলায় দেশটির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। জেনারেল নায়িনির আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তাপ্রধান আলী লারিজানি, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি এবং গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নিহত হয়েছেন। আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।