১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়ার হিসাব ‘কাল্পনিক ও অবাস্তব’; যাত্রী কল্যাণ সমিতির ওপর ক্ষুব্ধ পরিবহন মালিকরা

0
বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়ার হিসাবকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দিল পরিবহন মালিক সমিতি। মোজাম্মেল হককে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আইনি ব্যবস্থার হুমকি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের যে হিসাব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দিয়েছে, তাকে ‘অসত্য ও কাল্পনিক’ বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। শুক্রবার (২০ মার্চ ২০২৬) রাজধানীর পরীবাগে বোরাক টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, “যাত্রী কল্যাণ সমিতির নামে জনৈক মোজাম্মেল হক ঈদযাত্রার বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের যে বিবৃতি দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা দেশবাসীকে বিভ্রান্ত করার এই কাল্পনিক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।” তিনি মোজাম্মেল হককে তাঁর বক্তব্যের সপক্ষে তথ্যপ্রমাণ হাজির করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

একই অনুষ্ঠানে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা দাবি করেন, প্রতিষ্ঠিত কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে না। সাবেক সভাপতি হুমায়ুন কবির খান জানান, টার্মিনালের বাইরে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কাউন্টার খুলে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। বাইপাইলে এক অভিযানে ২০০টি কাউন্টারের মধ্যে ১৫০টিই অবৈধ পাওয়া গেছে উল্লেখ করে তিনি এসব উচ্ছেদে সবার সহযোগিতা চান। উল্লেখ্য, যাত্রী কল্যাণ সমিতি গত বুধবার দাবি করেছিল যে, এবারের ঈদে দূরপাল্লা ও সিটি সার্ভিসের বাসগুলোতে মোট ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।