দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা; সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। মহান আল্লাহর দরবারে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেছেন তিনি।। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ ২০২৬) দুপুরে এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করুক।”

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তায় উল্লেখ করেন যে, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। তিনি বলেন, রমজান মাস আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়, যা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করা জরুরি।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। আমরা যেন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।” পরিশেষে তিনি একটি মানবিক, উন্নত ও শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার এবং মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির অগ্রগতি কামনায় প্রার্থনা করেন।