যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের ঈদ কাটছে আতঙ্কে

0
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলে ফিকে হয়ে গেছে ঈদের আনন্দ। ৫০ লাখ রেমিট্যান্স যোদ্ধার ঈদ কাটছে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আতঙ্কে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের আকাশে এখন উৎসবের চাঁদের চেয়েও বেশি দেখা যাচ্ছে বিধ্বংসী ড্রেন আর ক্ষেপণাস্ত্রের ওড়াউড়ি। চিরচেনা আনন্দের ঈদ এবার আতঙ্ক আর উদ্বেগের চাদরে ঢাকা পড়েছে মধ্যপ্রাচ্যপ্রবাসী ৫‌০ লাখেরও বেশি বাংলাদেশির জীবনে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে সৌদি আরব, কাতার, কুয়েত ও ইরাকসহ পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

কাতারপ্রবাসী কবীর (ছদ্মনাম) জানান, আল-শাহনিয়া শহরে তাঁর কর্মস্থলের মাত্র ১০-১৫ কিলোমিটার দূরেই আছড়ে পড়েছে বোমা। কাতার সরকার মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে প্রতিনিয়ত সতর্ক করছে প্রবাসীদের। খোলা আকাশের নিচে ঈদের জামাত নিষিদ্ধ করে সবাইকে মসজিদের ভেতরে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতেও এসেছে কঠোর বিধিনিষেধ।

একই চিত্র কুয়েতেও। নরসিংদীর আজিজ আহমেদ ৯ বছর পর পরিবারের সঙ্গে ঈদ করতে ১৬ মার্চের টিকিট কাটলেও যুদ্ধাবস্থায় বিমান চলাচল বন্ধ হওয়ায় ফিরতে পারেননি দেশে। কুয়েত প্রশাসন প্রবাসীদের নিয়ে বিশেষ সভা করে সাইরেন বাজলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার মহড়া দিচ্ছে। ইতিমধ্যে এ যুদ্ধে বেশ কয়েকজন বাংলাদেশি নিহতের খবর প্রবাসীদের মনে শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। জীবিকার তাগিদে মরুভূমির দেশে থাকা এই রেমিট্যান্স যোদ্ধাদের কাছে এবারের ঈদ কেবলই বেঁচে থাকার লড়াই।