বাংলাদেশের আকাশে দেখা মেলেনি শাওয়াল মাসের চাঁদ; পবিত্র ঈদুল ফিতর শনিবার

0
সংবাদ সম্মেলনে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী শনিবার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানান, দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। সে অনুযায়ী, শুক্রবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং শনিবার পহেলা শাওয়াল সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর নিয়ে আসে পরম আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হওয়ার পর থেকেই সারাদেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। শনিবার সকালে জাতীয় ঈদগাহসহ দেশের সকল মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বশান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।