আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল

0
রাজনীতি ও গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে এবং করছেও।” বুধবার (১৮ মার্চ ২০২৬) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বর্তমান তৎপরতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।” তিনি আরও যোগ করেন, “রাজনীতি ও গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। Let politics move in its own way, let democracy move in its own way. বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে… Let it move, কাজ করুক না।”

মন্ত্রী আরও দাবি করেন যে, দেশের জনগণ আওয়ামী লীগকে পুরোপুরি বর্জন করেছে। তিনি বলেন, “আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। করছে। লাভ তো হচ্ছে না। People তাদের reject করেছে। People reject করে দিয়েছে একদম, তাই না?” নিষিদ্ধ রাজনৈতিক শক্তির তৎপরতা নিয়ে জনমনে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলেও তিনি উল্লেখ করেন।