প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

0
ঈদ উপলক্ষে তারেক রহমানকে ‘মহামান্য’ সম্বোধন করে বিশেষ চিঠি পাঠালেন নরেন্দ্র মোদি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বিশেষ চিঠিতে মোদি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, “মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।” তিনি উল্লেখ করেন, রমজান মাসের ত্যাগ ও প্রার্থনা শেষে ঈদের এই উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর সর্বোচ্চ সম্মানের আশ্বাস পুনরুল্লেখ করেন।