সরকারি বাসভবন ‘যমুনা’ নয়, গুলশানের নিজের বাসাতেই থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
রাষ্ট্রীয় বাসভবন 'যমুনা' নয়, গুলশানের নিজ বাড়িতেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাষ্ট্রীয় প্রটোকল ও আড়ম্বরপূর্ণ সরকারি বাসভবন ‘যমুনা’র পরিবর্তে গুলশানের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর রোডের নিজস্ব ছোট বাড়িটিতেই তিনি অবস্থান করবেন। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আড়ম্বরহীন ও সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। গুলশানের এই বাড়িটি তাঁর অতি পরিচিত ও প্রিয় হওয়ায় তিনি সেখানেই থাকার ইচ্ছা পোষণ করেছেন। দেশে ফেরার পর থেকেই তিনি এই বাসায় অবস্থান করছেন এবং তাঁর প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে বাড়িটি গুছিয়ে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি ক্ষমতার কেন্দ্রে থেকেও সাধারণ মানুষের কাছাকাছি থাকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

প্রধানমন্ত্রীর ঈদের কর্মসূচি সম্পর্কে রুমন আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। নামাজ শেষে সকাল ১০টা থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও সুধীজনদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সরকারি বাসভবন হিসেবে যমুনা ব্যবহার না করলেও দাপ্তরিক ও রাষ্ট্রীয় সৌজন্য সাক্ষাতের জন্য এই ভবনটি ব্যবহার করা হবে।