খুলনায় পরকীয়ার জেরে একই পরিবারের ৪ জনকে গুলি; ২ জনের অবস্থা আশঙ্কাজনক

0
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের ৪ জন আহত। পুলিশ জানাচ্ছে, কারাগারের পূর্ব শত্রুতার জেরেই এই হামলা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ খুলনার লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় পরকীয়া ও বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে ঘরের ভেতর ঢুকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন— কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছেলের স্ত্রী ফাহিমা আক্তার। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে বিদ্ধ হওয়া গুলি বের করা সম্ভব না হওয়ায় তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল ৩ বছর আগে মাদক মামলায় কারাগারে থাকাকালীন ইমরান নামক এক সন্ত্রাসীর সঙ্গে পরিচিত হন। কারাগার থেকে বের হওয়ার পর রাশিদুলের সঙ্গে ইমরানের স্ত্রী ফাহিমার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ৬ মাস আগে ইমরান পুনরায় জেলে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এরই প্রতিশোধ নিতে ইমরান ও তাঁর ৬ সহযোগীর একটি দল বৃহস্পতিবার ভোরে এই হামলা চালায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রতিহিংসার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের মধ্যে ৬ জন অংশ নিয়েছিল। তাঁদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।”