পাইকগাছায় ৬টি ক্লিনিক সিলগালা, একজনকে দণ্ড

0
ছবি: সংগৃহীত।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার চাঁদখালী ও বাঁকায় গড়ে তোলা অনুমোদনবিহীন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানাসহ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩টি প্রতিষ্ঠানের মধ্যে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাঁকা বাজারে অবস্থিত ডা. নুরউদ্দিন মেমোরিয়াল ক্লিনিককে ১০ হাজার টাকা, ফ্রেন্ডস ক্লিনিককে ৫ হাজার টাকা ও আশা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিগালা করা হয় তিন প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের তত্ত্বাবধানে চাঁদখালীর মাইশা ডায়াগনস্টিক সেন্টার ও পিয়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় সিলগালা করে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁকা সার্জিক্যাল ক্লিনিকের মালিক গৌতম সরকারকে ভুয়া পদবী ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার অপরাধে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে অপারেশন থিয়েটার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা আহমেদ বিনতে ময়না,হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, উপপুলিশ পরিদর্শক বিশ্বজিৎ সরকার প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।