হাসতে হাসতে নিজের বুকে গুলি চালালেন তরুণ, ভিডিও করছিলেন বন্ধু

0
দিল্লিতে নিজের বুকেই গুলি চালালেন তরুণ ।। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যক্তির অসাবধানতাজনিত গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি একটি পিস্তল ‘লোড’ করে ট্রিগারে আলতো চাপ দেন। এ সময় সামনে দাঁড়িয়ে এই ঘটনার ভিডিও করা তার বন্ধু তাকে গুলি না চালানোর জন্য সতর্ক করে বলে ওঠেন, ‘ভাই, গুলি চালিয়ে দিও না..।’

সতর্কবার্তায় তিনি হাসেন এবং পিস্তলটি নিজের বুকে ঠেকান। বন্ধুটি আবারও তাকে বিরত থাকতে বলে ওঠেন, ‘আরে, না’। কিন্তু এর কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাটি পুরোপুরি ভিডিওতে ধারণ করা হয়েছিল। নিজের বুকে হাসতে হাসতে গুলি চালানো ওই ব্যক্তির নাম পবন বলে জানা গেছে। এ সময় তার এক বন্ধু মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই বন্ধুটি পবনকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি; চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।

দিল্লির পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রটি পবনের সেই বন্ধুর ছিল এবং সেটি বৈধ। মূলত রিল তৈরি করার সময় আগ্নেয়াস্ত্র নিয়ে অসতর্কভাবে নাড়াচাড়া করার কারণেই এই অকাল মৃত্যু ঘটেছে।