ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি ও বাসিজ প্রধান সোলাইমানিকে হত্যার দাবি ইসরায়েলের

0
ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ প্রধান সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের ক্ষমতা কাঠামোর অন্যতম স্তম্ভ এবং জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান। একইসঙ্গে ইরানের আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবিও করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গত সোমবার রাতে এক বিশেষ অভিযানে বাসিজ প্রধান সোলাইমানি নিহত হন। লারিজানি ও সোলাইমানির এই মৃত্যু ইরানের সামরিক নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর একটি বড় ধরনের আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুরসহ শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই নিহত হয়েছেন।

৬৭ বছর বয়সী আলী লারিজানি ছিলেন ইরানের রাজনীতিতে একজন শান্ত ও বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত। তবে খামেনি ও পাকপুরের মৃত্যুর পর গত ১ মার্চ তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ডাক দিয়েছিলেন। অন্যদিকে, বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি ছিলেন ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের প্রধান কারিগর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানি কমান্ডারদের সমূলে নির্মূল না করা পর্যন্ত তাদের শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।