জীবননগরে চাঁদাবাজির সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক

0

মো. নুর আলম,জীবননগর (চুয়াডাঙ্গা) ॥ জীবননগরে চাঁদাবাজি করার সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রিজের কাছ থেকে তাদের আটক করে স্থানীয়রা।

এ সময় ডিবি পুলিশ পরিচয়ে তারা রিকশা, ভ্যান ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিল।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চ্যাংখালী সড়কে চেংড়িখালী ব্রিজের কাছ থেকে ২জনকে ডিবি পুলিশের কটি পরিধান করা অবস্থায় আটক করে গণপিটুনি শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়। আটক ২ জন হলেন ঝিনাইদহ জেলার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ(৩৫) ও এবং কোটচাঁদপুর উপজেলার বাজার পাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান(২৯)।

জীবননগর থানা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা আছে। এর সাথে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের প্রচেষ্টা রয়েছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।