নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী

ঝিনাইদহে খাল খনন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে

0
ছবি: সংগৃহীত।

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিএনপির দেশ পরিচালনা করতে চায়না। জনআকাঙ্খা, নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্যে সরকার বদ্ধপরিকর। জুলাই সনদের প্রতিটি ধারা সংবিধানিকভাবে বাস্তবায়ন করবে সরকার।

তিনি বলেন, জুলাই যেমন আমাদের জীবনের বাঁক ঘুরিয়ে দিয়েছে, তেমন ৫২,৭১, ৮২ থেকে ৯০, ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা খুন-গুম হয়েছেন তাদের জন্যে অক্ষরে অক্ষরে সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বিএনপি।

মন্ত্রী সোমবার বিকেলে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কন্যাদাহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শিরিষকাঠ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশব্যাপী খাল খননের মাধ্যমে তিনি অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন।

এখন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা প্রবর্তিত খাল খনন কর্মসূচি চালুর মাধ্যমে এদেশে আবারো উন্নয়ন ও উৎপাদনের ধারার সূচনা করলেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, সংসদ সদস্য মতিয়ার রহমান, সংসদ সদস্য আবু তালিব, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিএনপি নেতা রাশেদ খান, মেহেদী হাসান রনি ও হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান মাস্টার উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, ভোটের কালি শুকানোর আগেই বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ফিরে বলেছিলেন আই হ্যাভ এ প্লান। তিনি একে একে তার প্ল্যানগুলো সাধারণ মানুষের কল্যাণে বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রী ঘোষিত দশ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হাওয়ায় ফ্যাসিস্ট ও নিন্দুকেরা লা জবাব হয়ে গেছে।

আইনমন্ত্রী আসাদ বলেন, আই হ্যাভ এ প্ল্যান মানেই এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি, ঢাকায় ফ্ল্যাট, নিজের প্রটোকলে মাত্র চারটি গাড়ি রাখা, মন্ত্রীদের গার্ড অফ অনার ও ফুলের তোড়া গ্রহণ না করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের বলেছেন এমপি হয়েছেন জনসভার জন্যে, নিজের সেবার জন্যে নয়। আর এই কারণেই কোন মন্ত্রী ও এমপি ঢাকায় ফ্ল্যাট নিচ্ছেন না। তার এই পরিবর্তনের অঙ্গীকার মানুষের মাঝে এক আশার আলো সঞ্চার করেছে। জনআকাঙ্খার সঙ্গে সঙ্গতি রেখে তিনি এগিয়ে যাচ্ছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেই কথার ফুলঝুড়ি নয়, কাজ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। বাংলার রাখাল রাজা তারেক রহমান ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশের ৪ কোটি পরিবারকে এই কার্ড দেওয়া হচ্ছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে দেড় হাজার কোটি টাকা মওকুফ করা হয়েছে। সারা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের টার্গেট নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী খাল খনন কাজের উদ্বোধন শেষে ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মশিউর রহমানের মাজার জিয়ারত করেন। পরে তিনি জেলা প্রশাসক আয়োজিত ইফতার মাহফিল ও পুলিশ সুপারের নৈশভোজে যোগদান করেন।