ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহের আল্টিমেটাম দিল ওয়াশিংটন

0
(বাঁ থেকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়াশিংটন মনে করছে নিকট ভবিষ্যতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটার কোনো সম্ভাবনা নেই। ফলে দীর্ঘমেয়াদী সংঘাত এড়াতে ইসরায়েলকে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য চাপ দিচ্ছে হোয়াইট হাউস।

সূত্রমতে, তেহরানে সরকার পরিবর্তনের জন্য হয় বড় ধরনের স্থল অভিযান অথবা দেশজুড়ে গণবিক্ষোভ প্রয়োজন, যার কোনোটিরই আপাতত লক্ষণ দেখছে না মার্কিন গোয়েন্দারা। এই যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে বড় ধরনের কৌশলগত পার্থক্য দেখা দিয়েছে। মার্কিন প্রশাসন মূলত এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে চরম উদ্বিগ্ন। অন্যদিকে, ইসরায়েল দাবি করছে তাদের সামরিক অভিযান বড় ধরনের সাফল্য পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের সুদূরপ্রসারী অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা না করেই সংঘাতে জড়িয়ে পড়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম গ্যালনপ্রতি ৬০ সেন্ট বৃদ্ধি পাওয়ায় ট্রাম্পের ‘স্বর্ণযুগ’ গড়ার প্রতিশ্রুতি এখন মূল্যস্ফীতির হুমকিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছেন। জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের নানা আশ্বাসেও বিনিয়োগকারীরা শান্ত না হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।