পথের কুকুর বাঁচাল স্কুলের শিশুদের, সাপের সঙ্গে লড়াই শেষে হলো মৃত্যু

0
সাপ বনাম কুকুরের মরণজয়ী লড়াই: শিক্ষার্থীদের রক্ষায় আত্মত্যাগ পথের কালির ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

নিজে পথে পথে ঘুরে মানুষের দেওয়া দয়ায় জীবন কাটাত, কিন্তু সেই মানুষের সন্তানদের বিপদ দেখে এক মুহূর্তের জন্যও পিছুপা হয়নি সে। ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভাঁজ জেলার ধিরাকুলা গ্রামে ঘটেছে এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা। ৩০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই করে বীরের মতো প্রাণ দিয়েছে স্থানীয় এক পথকুকুর, যাকে গ্রামবাসী ভালোবেসে ‘কালি’ নামে ডাকতেন।

‘উড়িষ্যাপোস্ট’–এর তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে শ্রী জগন্নাথ শিশুবিদ্যা মন্দিরের প্রাঙ্গণে এই ঘটনার সূত্রপাত। স্কুলের ৩০ জনেরও বেশি শিক্ষার্থী যখন মাঠে বসে ছিল, তখন তাদের দিকে একটি বিষধর সাপ ধেয়ে আসে। অভিভাবক বা শিক্ষকেরা বিষয়টি টের পাওয়ার আগেই কালি বিপদ আঁচ করতে পারে। শিশুদের সুরক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়ে সে সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে।

তীব্র লড়াইয়ের একপর্যায়ে সাপের কামড়ে কালির মুখ বিষে নীল হয়ে উঠলেও সে লড়াই থামায়নি। কালির আক্রমণে সাপটির মৃত্যু নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরেই বিষের প্রভাবে মারা যায় সাহসী এই প্রাণীটি। কালির এই আত্মত্যাগের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। কৃতজ্ঞ গ্রামবাসী কালির দেহ সাদা কাপড়ে মুড়িয়ে এবং ফুলেল শ্রদ্ধা জানিয়ে ট্রলিতে করে শোকমিছিল বের করেন। সম্মানের সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন করে গ্রামবাসীরা কালির প্রতি তাদের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।