বছরের শেষ নাগাদ দেশে ফেরার আশায় সাকিব আল হাসান

0
সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস রিপোর্টার ॥ আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। প্রায় দুই বছর হলো দেশে ফিরতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। তবে চলতি বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারবেন বলে আশার কথা জানিয়েছেন সাকিব।

ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত- আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারব। ঠিক কীভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।’

জাতীয় দলের জার্সিতে খেলার বিষয়েও আশাবাদী সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি যেকোনো সময় হঠাৎ বদলে যেতে পারে। আগামীকাল কী হবে, সেটা কেউই জানে না। তাই আমি এখনো আশাবাদী। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না।তবে জাতীয় দলে ফেরাটা আমার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। তবুও আমি একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল ছিল।’