শ্রীনগরে সাবেক উপদেষ্টা আদিলুরের বাড়ির সামনে সড়ক নির্মাণ নিয়ে বিতর্ক; জমি দখলের অভিযোগ

0
শ্রীনগরে সাবেক উপদেষ্টা আদিলুর রহমানের বাড়ির সামনে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ তুলেছে স্থানীয় ২০টি পরিবার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ন বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খানের পৈতৃক বাড়ির সামনের একটি সড়ক নির্মাণ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাবেক উপদেষ্টাকে বিশেষ সুবিধা দিতে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাঁদের বসতভিটা ও জমি দখল করে ১২ ফুটের অনুমোদিত সড়কটি কোথাও কোথাও ১৮ থেকে ২০ ফুট প্রশস্ত করা হয়েছে। তবে প্রশাসন দাবি করেছে, সরকারি জমি উদ্ধার করেই জনস্বার্থে এই সড়ক নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ষোলঘর ইউনিয়নের ভূইয়াপাড়া এলাকায় ৪০২ মিটার দৈর্ঘ্যের আরসিসি সড়কটি প্রায় ৯৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা লুৎফে হাবীব ও শারমিন রহমানের দাবি, তাঁদের মালিকানাধীন জমিতে ২০টি পরিবার বসবাস করত। কিন্তু গত বছরের জুলাইয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর আদিলুর রহমান উপদেষ্টা হলে জেলা প্রশাসন জমিটি খাস খতিয়ানভুক্ত করার তৎপরতা শুরু করে। তাঁদের অভিযোগ, আদালতের স্থিতাবস্থা ও নিম্ন আদালতের রায় উপেক্ষা করে জোরপূর্বক ঘরবাড়ি ভেঙে রাস্তা বড় করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওরিয়া কনস্ট্রাকশন’ স্বীকার করেছে যে, ১২ ফুটের অনুমোদন থাকলেও উর্ধ্বতন মহলের নির্দেশে কিছু জায়গায় রাস্তা ১৬ থেকে ১৮ ফুট প্রশস্ত করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানিয়েছেন, খাস খতিয়ানভুক্তির সাইনবোর্ড দেওয়া হলেও আদালতের স্থিতাবস্থার কথা জেনে তা সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তার প্রশস্ততা কেন বাড়ানো হলো, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।