বাগেরহাটে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১৩ জনের

0
বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত। নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ৩ জন নারী রয়েছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার বেলাইব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সরাসরি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, সেখানে চারজনের মরদেহ রয়েছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, হাসপাতালে আসা নারী ও শিশুসহ ৯ জন মারা গেছেন।

আহত আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে থানা পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।