মোংলায় নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

0
ছবি: সংগৃহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক কোস্টগার্ড সদস্য। বুধবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের গার্ড রুমে এ ঘটনা ঘটে।

নিহত কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)। তিনি নৌবাহিনীর পেটি অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রেষণে কোস্টগার্ডে বদলি হয়ে আসেন। রাত্রীকালীন দায়িত্ব পালনের এক পর্যায়ে সকালের দিকে গার্ডরুমে থাকা আগ্নেয়াস্ত্র নিজ বুকে ঠেঁকিয়ে গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সহকর্মীরা গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত খুলনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ গার্ডরুমে থাকা অস্ত্র বুকে ঠেঁকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।