ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ হামলা শুরু

0
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে আজ বুধবার ইরানি ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের দিকে ধেয়ে যেতে দেখা যায় ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ভয়াবহ মোড় নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই বড় মাপের অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের দক্ষিণে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র’। সেখানে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালানো হয়েছে। এছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার একাধিক সামরিক স্থাপনায় নিখুঁত নিশানায় আক্রমণ চালিয়েছে ইরানি বাহিনী।

শুধু ইসরায়েল নয়, এই দফায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও তীব্র নিশানায় রাখা হয়েছে। ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও আইআরজিসি ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

সিএনএন ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের এই ‘সর্বাত্মক’ অভিযানের ফলে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযানের তীব্রতা আগের সব আক্রমণকে ছাড়িয়ে গেছে, যা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।