১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন এবং জলাশয় পুনরুদ্ধারে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ মার্চ (সোমবার) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী বিশাল ‘খাল খনন কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। উদ্বোধনী দিনে দিনাজপুরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচির পাশাপাশি দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে এই কর্মসূচির সূচনা করবেন। ৪ বছর মেয়াদী এই বিশাল প্রকল্প বাস্তবায়নে পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

মীর শাহে আলম আরও জানান, এই কর্মসূচিতে যান্ত্রিক এক্সকাভেটরের চেয়ে মানুষের শ্রমকে প্রাধান্য দেওয়ার বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন এবং উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদেরও এই জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। অতীতের অনিয়ম রোধে এবার মাঠ পর্যায়ে সরাসরি মন্ত্রী ও সংসদ সদস্যদের তদারকি নিশ্চিত করার পাশাপাশি জনসম্পৃক্ততাকে ঢাল হিসেবে ব্যবহার করা হবে বলে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন।