বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সংস্কার নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী বৈঠক

0
পরিচালনা কমিটির সংস্কার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে বিদ্যমান শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার প্রাথমিক আলোচনা শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত এক সভায় এই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বর্তমানে সভাপতি হওয়ার জন্য নির্ধারিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির বাধ্যবাধকতা কমিয়ে আনা এমনকি পুরোপুরি তুলে দেওয়ার বিষয়টিও পর্যালোচনায় রয়েছে। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সভায় যোগ্যতা শিথিলের পাশাপাশি সভাপতি নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন থেকে পরিচালনা কমিটির সভাপতি নিয়োগে সংসদ সদস্যদের (এমপি) আর কোনো বিশেষ ক্ষমতা থাকবে না। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারের সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়ার মাধ্যমে তিনজনের নামের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে সভাপতি পদের সর্বনিম্ন যোগ্যতা এইচএসসি করা হলেও ২০২৫ সালের আগস্টে তা বাড়িয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা হয়েছিল। এখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার গুঞ্জনে শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, নীতিনির্ধারণী ও প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন এই পদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করলে শিক্ষার সার্বিক মানোন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। বর্তমানে দেশে প্রায় ৩৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাদের হাতে শিক্ষক অপসারণ থেকে শুরু করে বার্ষিক বাজেট অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত থাকে।