জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৬

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাতে মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে বিবাদের কারণে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করেন পাড়ার বাসিন্দারা। তবে তাদের কবরস্থান একটা।

সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্যে খাঁপাড়া মসজিদের সীমানা প্রাচীর ভাঙা হয়। বিষয়টি নিয়ে এদিন ইফতারের পর দুইপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নিলে উভয়পক্ষের বাসিন্দারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়।

পরে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে আহতদের মধ্যে খানজাহান আলীর (৪৫) শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২), নাজু ও খানজাহান আলী। তারা সবাই উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।