যশোরে শিক্ষাবোর্ডের ইফতার ও দোয়া মাহফিল

0
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। ছবি: লোকসমাজ

বিশেষ প্রতিনিধি ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সিয়াম সাধনা, সেই ন্যায় ও নীতির পথে আমরা যেন সততার সাথে থাকতে পারি, এটাই হওয়া উচিত আমাদের প্রার্থনা। তিনি সৎ আচরণের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয় উল্লেখ করে তিনি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তিনি যুদ্ধাহত এবং বিপ্লবে আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ.ছ.ম তরিকুল ইসলাম। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।