বেনাপোল বন্দরে আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাটবীজ আটক

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন ১০০ কেজি পাটবীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা।

রোববার রাতে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স কদর অ্যান্ড কোং-এর মাধ্যমে পাটবীজের চালানটি বন্দরে প্রবেশ করে।

ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারতীয় একটি ট্রাকে ১ হাজার ৫০০ বস্তায় ৪৫ মেট্রিক টন ৬শ কেজির পণ্যটি আমদানি করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দর ইউনিট বিষয়টি বেনাপোল কাস্টম হাউসের কমিশনারকে অবহিত করে। পরে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি পরীক্ষা করলে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭ মেট্রিক টন ১০০ কেজি পাট বীজ পায়।

কাস্টমস সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাটবীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে পাটবীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মাধ্যমে জানতে পেরে ওই পণ্য চালানটিতে পরীক্ষণ করে ঘোষণা বহির্ভূত ১৭ মেট্রিক টন পাটবীজ পাওয়া গেছে।

যেখানে ঘাসের বীজ ঘোষণা দিয়ে পাট বীজ আনা হয়েছে। মিথ্যা ঘোষণার অপরাধে আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।