৫ অতিরিক্ত আইজিপিকে জনস্বার্থে অবসরে পাঠাল সরকার

0
৫ অতিরিক্ত আইজিপিকে জনস্বার্থে অবসরে পাঠাল সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটিয়েছে সরকার। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। গত রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তওফিক মাহবুব চৌধুরী এবং পুলিশ অধিদপ্তরের মো. মাসুদুর রহমান ভূঞা। এ ছাড়া দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদকেও অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অবসরে যাওয়া আবু হাসান মুহম্মদ তারিক ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং বাকি চারজন ১৫তম বিসিএস ক্যাডারের। কর্মকর্তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ২০২২ সালে পদোন্নতি পেয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ হয়েছিলেন এবং পরে তাকে ওএসডি করা হয়। একইভাবে আবদুল আলীম মাহমুদকেও গত বছরের ফেব্রুয়ারিতে ওএসডি করা হয়েছিল। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী সকল অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।