জঙ্গল সলিমপুর ঘিরে ফেলেছে ৪ হাজার যৌথ বাহিনী

0
জঙ্গল সলিমপুর ঘিরে ফেলেছে ৪ হাজার যৌথ বাহিনী! র‍্যাব কর্মকর্তা নিহতের পর সন্ত্রাসীদের আস্তানা নির্মূলে শুরু হয়েছে বিশাল অভিযান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ও অবৈধ দখলদারদের উচ্ছেদে বড় ধরনের অভিযানে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (৯ মার্চ) ভোর ৬টা থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে এই সমন্বিত অভিযান শুরু হয়। গত জানুয়ারি মাসে অভিযান চলাকালে এক র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনার পর এলাকাটি সন্ত্রাসমুক্ত করতে এই কঠোর পদক্ষেপ নিল প্রশাসন।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকেই জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। পলায়ন পথ রোধ করতে প্রবেশ ও বের হওয়ার প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে কড়া তল্লাশিচৌকি। অতীতে এই এলাকায় অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার হামলার শিকার হওয়ায় এবার ভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। মূলত চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিন ও রোকন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং অবৈধভাবে সরকারি পাহাড় দখলদারদের উচ্ছেদ করাই এই অভিযানের মূল লক্ষ্য।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। সেই ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘ চার দশক ধরে ৩ হাজার ১০০ একরের এই দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ বসতি স্থাপন ও প্লট বাণিজ্যের আড়ালে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ইয়াছিন ও রোকন পক্ষ এলাকাটিকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছে। সবশেষ র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর জাতীয় নির্বাচনের কারণে অভিযান কিছুটা বিলম্বিত হলেও সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে বড় ধরনের সাফল্যের আশা করছে প্রশাসন।