ফিলিং স্টেশনে শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েনের অনুরোধ

0
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সকল পেট্রোল পাম্পে পুলিশি টহল নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিপিসি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে গুজব ও অতিরিক্ত তেল সংগ্রহের হিড়িক সামাল দিতে সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে পুলিশি নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। উদ্ভূত পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং ডিলার ও গ্রাহকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি চিঠি পাঠিয়ে এই অনুরোধ জানানো হয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুত নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতা তৈরি হয়েছে। এর ফলে অনেক ডিলারও ডিপো থেকে স্বাভাবিকের চেয়ে বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে ডিলার ও ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ সীমিত করায় প্রায়ই পাম্প কর্মচারী ও গ্রাহকদের মধ্যে কথা-কাটাকাটি ও অনভিপ্রেত ঘটনা ঘটছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কিছু অসাধু চক্র অননুমোদিতভাবে তেল মজুতের চেষ্টা করছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় ধরনের বিশৃঙ্খলা রোধে অবিলম্বে পুলিশি টহল জোরদার করা প্রয়োজন বলে মনে করছে বিপিসি।