ঢাকা ওয়াসার এমডি আবদুস সালাম ব্যাপারী অপসারিত

0
দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার এমডি আবদুস সালাম ব্যাপারীকে অপসারণ করল সরকার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা ওয়াসার বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে তার পদ থেকে অপসারণ করেছে সরকার। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়ার মাধ্যমে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। প্রকৌশলী আবদুস সালামের বিরুদ্ধে অতীতেও দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল। বিগত বছরগুলোতে ওয়াসার তিনটি বৃহৎ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকাকালীন প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়। এর আগে তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত এমন এক ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এই সংস্থার শীর্ষ পদে নিয়োগ দেওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি জানানো হচ্ছিল। অবশেষে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে তাকে পদত্যাগে বাধ্য করল সরকার।