যশোরে হত্যাসহ ৩০ মামলার আসামি বড় রুবেল দুই সহযোগীসহ আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দুটি হত্যাসহ ৩০ মামলার আসামি সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেল (৩৬) এবং তার দুই সঙ্গীকে ৭ বোতল এস্কাফ সিরাপসহ আটক করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার চাঁচড়া মধ্য পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটক বড় রুবেল শহরের সিটি কলেজ পাড়ার ইনসান মিয়ার ছেলে। বর্তমানে সদর উপজেলার চাঁচড়া মধ্য পাড়ার বাসিন্দা। অপর দুই আটক হলেন, চাঁচড়া দাড়িপাড়ার শহর আলীর ছেলে ইকলাস উদ্দিন (২৯) ও চাঁচড়া মধ্য পাড়ার রহিমা বিবির বাড়ির ভাড়াটিয়া হাসান মোল্লা (৩৫)।

ডিবি পুলিশের এসআই মো. সালাহউদ্দিন খান জানান, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া মধ্য পাড়ার জনৈক রাজার বাড়িতে অভিযান চালান।

এ সময় সেখান থেকে উল্লিখিত ৩ জনকে হাতেনাতে আটক করেন। তবে ওই বাড়ির বাসিন্দা রাজা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।

পরে তল্লাশি চালিয়ে আটক ৩ জনের কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত ভারতীয় ৭ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, আটক বড় রুবেলের বিরুদ্ধে দুটি হত্যাসহ ৩০টি মামলা রয়েছে।