খুলনায় বাসযাত্রী নারী গ্রেপ্তার: ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের লবণচরা থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৭ মার্চ) সকালে নগরীর নিজখামার এলাকায় ‘ইমাদ পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা।

এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি তল্লাশিকালে সুরাইয়া পারভীন সুমির ব্যাগ থেকে ২টি বিদেশি রিভলবার, ২ টি নাইন এমএম পিস্তল, ১ টি টুটুবোর পিস্তল এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী ও আশরাফ উদ্দিনের মেয়ে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, “এই বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্রসহ সুমিকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।