শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার স্ত্রী প্রিয়া মাদকসহ আটক

0
আটক যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী তৃষ্ণা আক্তার প্রিয়াকে (২৪)।

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে আটক যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী ১০ মামলার আসামি তৃষ্ণা আক্তার প্রিয়াকে (২৪) আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে যশোর শহরের ষষ্ঠীতলা রেলবাজার কাঁচাবাজার থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২ হাজার ৪শ টাকা উদ্ধার করা হয়েছে। আটক তৃষ্ণা আক্তার প্রিয়া শহরের রেলগেট পশ্চিম পাড়ার খোদেজার বাড়ির ভাড়াটিয়া।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই মো. ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ষষ্ঠীতলা রেলবাজার কাঁচাবাজারে অভিযান চালান। এ সময় সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসাী তৃষ্ণা আক্তার প্রিয়াকে আটক করেন।

পরে নারী পুলিশ কনস্টেবল দিয়ে তার দেহ তল্লাশি করে ৪২ পুরিয়া গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কোতয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, প্রিয়া একজন চিহ্নিত মাদক ব্যবাসায়ী। তার বিরুদ্ধে থানায় ১০ টি মামলা রয়েছে।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী প্রিয়া। আর প্রিয়ার চতুর্থ স্বামী পিচ্চি রাজা।