পুলেরহাটে ৫ মামলার আসামি সন্ত্রাসী তান চাকুসহ আটক

0
ছবি: তানভীর হোসেন তানকে (২৮)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকার সন্ত্রাসী তান বাহিনী প্রধান তানভীর হোসেন তানকে (২৮) আটক করেছে পুলিশ। গত রোববার রাতে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি বার্মিজ চাকু ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, গত রোববার রাত পৌনে ১১টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালান। এ সময় চাঁচড়া চেকপোস্টের সোহান স্টোরের সামনে থেকে সন্ত্রাসী তানভীর হোসেন তানকে তারা আটক করেন।

আটক সন্ত্রাসী তানভীর হোসেন তান পুলেরহাট বেড়বাড়ি এলাকার আসলাম বাবুর ছেলে। তার কাছ থেকে ১টি বার্মিজ চাকু ও ১টি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে সন্ত্রাসী তানভীর হোসেন তানের আরো ৪ সদস্য ছিলেন। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। এরা হলেন, পুলেরহাট বেড়বাড়ি এলাকার সিরাজুল দফাদারের ছেলে নাজমুল (২৩), বাবুলের ছেলে স্বপ্ন (২৪), বেড়বাড়ি মাঠ পাড়ার আব্দুল্লাহর ছেলে শহিদুল্লাহ (২৭) ও মন্ডলগাতি গ্রামের নুরুজ্জামান (২৫)। এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসী তানভীর হোসেন তানের বিরুদ্ধে কোতয়ালি থানায় ৫টি মামলা রয়েছে। এর মধ্যে দ্রুত বিচার আইনের মামলা ২টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ১টি, মারামারির মামলা ১টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে ১টি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ত্রাসী তান বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ ছিলেন। বোমাবাজি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত এই সন্ত্রাসীরা।