নওয়াপাড়ায় ঈদ মেলা বন্ধ

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ শিল্পশহরের নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অননুমোদিত একটি ঈদ মেলার আয়োজন বন্ধ করে দিয়েছে অভয়নগর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

একাধিক সূত্র জানায়, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নওয়াপাড়া ইনস্টিটিউটের মাঠে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঈদ মেলা বসানোর প্রস্তুতি শুরু করেন। ইতোমধ্যে তারা ওই মাঠে অস্থায়ী স্টল নির্মাণের কাজ শুরু করলে বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসে।

এ ব্যাপারে রোববার নওয়াপাড়া বাজারের শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত ঈদ মেলা বন্ধের জন্যে একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসক বরাবর পৌঁছে।

ব্যবসায়ীরা তাদের লিখিত আবেদনপত্রে বলেন, নওয়াপাড়া বাজারের বিভিন্ন প্রকার ব্যবসায়ী সরকারি নিয়মনীতি মেনে সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। সারা বছর লাভ-ক্ষতির মধ্যে দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। সম্প্রতি নওয়াপাড়া ইনস্টিটিউটের মাঠে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ঈদ মেলার নামে বহিরাগত ব্যবসায়ীদের এনে তাদের ব্যবসার মারাত্মক ক্ষতির চেষ্টা করছে।

নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, ইনস্টিটিউট মাঠে ঈদ মেলা আয়োজনে আমার অনুমতির প্রয়োজন হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে ঈদ মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছিল। বিষয়টি জানার পর অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।