টিকটকে প্রেম, রাজবাড়ীতে দেখা করতে এসে গণধর্ষণের শিকার তরুণী

0
টিকটকে প্রেম, পাংশায় দেখা করতে এসে গণধর্ষণের শিকার তরুণী।। ছবি: প্রতীকী

লোকসমাজ ডেস্ক ॥ রাজবাড়ীর পাংশা উপজেলায় টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২২ বছর বয়সী এক তরুণী। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার একটি সরকারি আশ্রয়ণ কেন্দ্রে এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। এই ঘটনায় রোববার (১ মার্চ) বিকেলে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার মামলা ও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পাংশার এক তরুণের সাথে ওই তরুণীর পরিচয় ও প্রেম হয়। সম্প্রতি তাঁদের সম্পর্কের টানাপোড়েন শুরু হলে প্রেমিকের বন্ধু আকাশ মণ্ডল বিষয়টি মীমাংসার কথা বলে তরুণীকে পাংশায় ডেকে আনেন। পরে একটি আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করেন। এসময় তাঁর সাথে থাকা ১০ হাজার টাকা ও স্বর্ণের গয়না ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় শনিবার মধ্যরাতে দুইজনকে আসামি করে পাংশা মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।