এম এম কলেজ শহীদ মিনারে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) মহাবিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে বক্তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্থাপন করেন।

তারা বলেন, সমাজ থেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ নির্মূল করতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সর্বস্তরে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন মোছা. জান্নাত, মোছা. কামিজ ফাতেমা বিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সালমা আক্তার আশা, এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাহুল এবং যশোর ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একইসাথে বক্তারা দেশের সকল স্তরের মানুষকে ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।