মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: ঢাকা থেকে ৫৪ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

0
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা: ঢাকা থেকে ৫৪ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। নিরাপত্তা ঝুঁকির কারণে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত আকাশসীমা বন্ধ রাখায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

ফ্লাইট বাতিলের ফলে বিমানবন্দরে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ওমান ও সৌদিগামী প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেক যাত্রী সরকারিভাবে থাকা-খাওয়ার সুবিধা না পাওয়ার অভিযোগ করেছেন। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, মদিনা ও জেদ্দাগামী বাতিল হওয়া দুটি বিশেষ ফ্লাইট আজ বিকেলে ও সন্ধ্যায় ছেড়ে যাবে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স রিয়াদ, জেদ্দা ও মাসকাটে ফ্লাইট চালুর ঘোষণা দিলেও দুবাই ও দোহা রুটে চলাচল স্থগিত রেখেছে।